বরিশাল ব্যুরো
বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক আর্জেন্টিনা সমর্থকের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের এক উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে মঙ্গলবার এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন বিএমপির মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল।
পরবর্তীতে থানার পক্ষ থেকে পাঠানো ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ব্রাজিলের জার্সি যুক্ত করা হয় এবং সেই সম্পাদিত ছবিই গণমাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।
সমালোচনার মুখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও সঠিক তথ্য পুনরায় সাংবাদিকদের কাছে পাঠানো হয়। পরে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট এসআইকে শোকজ করা হয়।
অভিযুক্ত এসআই তানজিল আহমেদ বিষয়টিকে ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন এবং দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, সরকারি তথ্য ও আলামত উপস্থাপনে কোনো ধরনের ডিজিটাল কারচুপি বা অপেশাদার আচরণ গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসিয়াল যোগাযোগ ব্যবস্থায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়লেও তথ্যের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করতে কঠোর নীতিমালা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।
✍️ মন্তব্য লিখুন