সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বার্তা দিয়ে আলোচনায় আসা ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয়ধারী আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ও সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড ও বিভিন্ন বার্তা প্রচার অব্যাহত রাখেন। সম্প্রতি শেখ হাসিনার উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তা এবং নিজেকে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেওয়ার কারণে তিনি নতুন করে আলোচনায় আসেন।
তবে জাতীয় পর্যায়ে তিনি অধিক পরিচিতি পেয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে। নিজের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান আকাশি-সাদা রঙে সাজিয়ে ‘আর্জেন্টিনা নগর’ নামে পরিচিতি তৈরি করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ খাওয়ানোর ঘোষণাও দিয়েছিলেন। এ কারণে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সংবাদ প্রতিবেদনে তাকে তুলে ধরা হয়।
সেনবাগ থানার কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, গ্রেপ্তারের খবর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রম হিসেবে দেখলেও, অন্যরা ঘটনাটিকে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে মূল্যায়ন করছেন। বিশ্লেষকদের মতে, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সক্রিয়তাও এখন নিবিড় পর্যবেক্ষণের আওতায় এসেছে।
✍️ মন্তব্য লিখুন