ডেস্ক প্রতিবেদন
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড উন্মোচন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। একই সঙ্গে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উন্মোচন করা হয়। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়, যা ডাকটিকিট সংগ্রাহক ও ক্রীড়াপ্রেমীদের জন্য স্মরণীয় নিদর্শন হিসেবে বিবেচিত হবে।
সরকারি সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বব্যাপী যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তার সঙ্গে সংহতি প্রকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ আয়োজনকে স্মরণীয় করে রাখতেই ডাক বিভাগ এই বিশেষ স্মারক প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে বিশ্বকাপ উপলক্ষে দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিশ্বকাপ ফুটবল বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর। এ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ বাংলাদেশের ডাক ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন