শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের নতুন জানখার কান্দি এলাকার একটি কবরস্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন দেখতে পান স্থানীয়রা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য Saeed Ahmed ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেলটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। এ কারণে নতুন এই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
✍️ মন্তব্য লিখুন