ইতালির ইয়েজোলোতে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার জামাত। প্রায় দুই হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের এই মহাসমাবেশ পরিণত হয় এক মিলনমেলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দঘন পরিবেশে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী মুসল্লিরা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র ক্রিস্টোফার দেজত্তি, কাবাল্লিনো’র মেয়র, স্থানীয় প্রধান পাদ্রি ডন লুওচো এবং কাবাল্লিনো’র ভাইস মেয়র। তাঁদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি স্থানীয় প্রশাসনের আন্তরিকতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রো কালতুরালে ইয়েজোলোর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান জসীম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব ফখরুদ্দীন ওমার। তিনি তাঁর বক্তব্যে জুমার নামাজের স্থায়ী ব্যবস্থা এবং প্রবাসী কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এ সময় ইয়েজোলো ও কাবাল্লিনোর মেয়রগণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দুই হাজার মুসল্লি একসাথে তাকবিরের ধ্বনিতে মুখরিত পরিবেশে নামাজ আদায় করেন। পুরো আয়োজন জুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উৎসবের আমেজ।
অনুষ্ঠানে বিশেষভাবে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সম্মানিত করা হয় ইমাম মুফতি মোকাদ্দেস সাহেবকে। উপস্থিত মুসল্লিরা তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সবশেষে সমাপনী বক্তব্যে সভাপতি জনাব সিদ্দিকুর রহমান জসীম আয়োজনে সহযোগিতাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এই মহতী আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেন্ট্রো কালতুরালে ইয়েজোলোর জনাব শামিম আহম্মেদ, জনাব মিন্টুসহ অন্যান্য আয়োজকবৃন্দ। অনুষ্ঠানে কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন মির্ধা, ইয়াকুব তালুকদার,মামুনভুইয়া ,জনাব হাছান ব্যাপারী, জনাব আজিজুল রহমান, জনাব আরমানসহ আরো অনেকে।
প্রবাসের মাটিতে এমন প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজন যেন প্রমাণ করে—ভৌগোলিক দূরত্ব থাকলেও হৃদয়ে বেঁচে আছে বাংলাদেশের সংস্কৃতি, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ।

✍️ মন্তব্য লিখুন