আজ শনিবার (৯ মে) জরুরি মেরামত, উন্নয়নমূলক কাজ ও রক্ষণাবেক্ষণের কারণে নাটোর, খুলনা ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোরে ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের নির্দিষ্ট অংশ বিদ্যুৎবিহীন থাকবে।
সংশ্লিষ্ট ফিডারগুলো হলো বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
খুলনার কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারে গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
ওজোপাডিকো জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
চুয়াডাঙ্গায় জরুরি রক্ষণাবেক্ষণ
চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রের আওতাধীন মেহেরপুর, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, আলমডাঙ্গা-১, আলমডাঙ্গা-২, জীবননগর ও দর্শনা ৩৩ কেভি গ্রীড বাসবারে জরুরি কাজ পরিচালিত হবে।
এ কারণে সাতটি ৩৩ কেভি ফিডারে সাময়িক শাটডাউন দেওয়া হবে। কাজ শেষ হলে বিকেল ৩টার পর পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এসব রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
✍️ মন্তব্য লিখুন