চুয়াডাঙ্গার জীবননগরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং ভুয়া সাংবাদিক পরিচয়পত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মূল ফটকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিনজু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে মিনজু মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামাতে চাইলে তিনি জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় জীবননগর থানার কনস্টেবল মো. আল-আমিন হোসেন তাকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কলকে এবং একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। ঘটনাটি কেন্দ্র এলাকায় তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেন্দ্রে প্রবেশের চেষ্টা এবং মাদকসহ আটক হওয়ার ঘটনা উদ্বেগজনক হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
✍️ মন্তব্য লিখুন