ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকস্মিক মিছিলকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে রাজু ভাস্কর্য এলাকায় ১০–১২ জনের একটি দল হঠাৎ জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য এবং পরিকল্পিতভাবে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অংশগ্রহণকারীরা একটি কালো হাইএস মাইক্রোবাসে করে স্থান ত্যাগের চেষ্টা করে।
এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাসের চালক ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রক্টোরিয়াল টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। প্রক্টরিয়াল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন কার্যক্রম ঘিরে নতুন করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।
✍️ মন্তব্য লিখুন