নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ AM
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ঘিরে সার্বিক প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং নকল প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষাকে ঘিরে ইতোমধ্যে দেশব্যাপী প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রশ্নফাঁস প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কোচিং সেন্টার বন্ধ রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
এদিকে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে কয়েক লাখ শিক্ষার্থী। পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি, সময়মতো কেন্দ্রে উপস্থিতি এবং নির্দেশনা মেনে চলার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে প্রাপ্ত সিদ্ধান্ত ও নির্দেশনা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
✍️ মন্তব্য লিখুন