অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১২ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১৭ মার্চ থেকে এসব নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে। এছাড়া রাজধানীর বসিলা লঞ্চঘাট থেকে বসিলা–সদরঘাট–ইলিশা–গলাচিপা নৌরুটেও নতুন করে লঞ্চ চলাচল শুরু হবে।
ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দেওয়া এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন এসব নৌরুট চালু হলে ঈদে ঘরমুখো যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।
এ ছাড়া যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নৌযানের ফিটনেস পরীক্ষা, ঘাট ব্যবস্থাপনা জোরদার এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিবছর ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় লাখো মানুষ নদীপথে যাতায়াত করেন। নতুন এই নৌরুট চালু হলে যাত্রীদের বিকল্প পথ তৈরি হবে এবং সদরঘাটসহ অন্যান্য প্রধান নৌঘাটে চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
✍️ মন্তব্য লিখুন