দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করি না। দেখুন, এখানে কতজন সাংবাদিক আছে। তাদের কথার নিয়ন্ত্রণ করতেও অনেক সময় লাগে। এখন দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ভালো প্রস্তুত রয়েছে। তাদের কার্যক্রম অনুযায়ী কাজ হলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর এবং ফেয়ার। এখানে কোনো অসুবিধা হবে না।
স্বাধীনতা এবং সামাজিক মাধ্যমের প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকসহ ইন্টারনেটে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে তা আগে ছিল না। এখন কেউ আইনি সীমারেখা অতিক্রম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে।
চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ভালো রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

✍️ মন্তব্য লিখুন