ডেস্ক নিউজ
কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে ঢাকায় রাখা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নে দীর্ঘদিনের অনিয়মের ধারণা দূর করতে লটারির মাধ্যমে নতুন ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বাছাই কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে ঢাকায় পদায়নকে অনেক সময় ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ধারণা থেকে বেরিয়ে আসতে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি ও পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সারা দেশে ‘এ’ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রারের পদ রয়েছে ১৩১টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন কার্যালয়ের জন্য লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়ন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের পদায়ন সম্পন্ন করার কথা রয়েছে।
আইনমন্ত্রী বলেন, লটারির পর প্রয়োজন অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তার দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কার্যালয়ে দায়িত্ব দেওয়া হবে। এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলমান থাকবে।
দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের ভিত্তি ছাড়া কাউকে হয়রানি করা হবে না। আবার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কার্যক্রম ২৪ ঘণ্টা মনিটরিংয়ের আওতায় রাখা হবে। দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কার্যালয়গুলোতে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট ভাঙার লক্ষ্যেও বদলি ও পদায়নে এই স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে দুর্নীতি প্রতিরোধে পরিবর্তনের কাজ শুরু করতে হবে এবং লটারির মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে দেশের সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোতে জনবলসংকটও রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৩৯টি সাব-রেজিস্ট্রারের পদ এখনো শূন্য রয়েছে।
মন্ত্রী বলেন, দুর্নীতি কমাতে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সংশ্লিষ্ট সবার মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। নতুন পদায়ন ও বদলি ব্যবস্থার মাধ্যমে সাব-রেজিস্ট্রি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর চেষ্টা করা হবে।
✍️ মন্তব্য লিখুন