আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে একটি বাড়িতে অনুষ্ঠানের মধ্যে ঢুকে গুলি চালিয়েছে তিন বন্দুকধারী। এতে অন্তত ১১ জন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ছিলেন, যিনি অন্তঃসত্ত্বা বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকার জিকোতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়িটিতে ১৩ জন পুরুষ ও ওই নারীসহ মোট ১৪ জন একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। তিন ব্যক্তি সেখানে এসে গুলি চালালে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে আরও একজন মারা যান।
ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথা জানানো হয়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরোধের সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন।
পুলিশ আরও জানিয়েছে, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে অপরাধ গোয়েন্দা বিভাগের নজরদারিতে ছিলেন। তবে তদন্তের স্বার্থে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান চলছে। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার মধ্যে সর্বশেষ এই হামলা দেশটির সহিংস অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
✍️ মন্তব্য লিখুন