বিশেষ প্রতিনিধি
দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট হাট-বাজারের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আরও বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ভবনগুলোতেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনের পর নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার সুযোগ রয়েছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়তে পারে।
এ জন্য ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধান অনুযায়ী হাট-বাজারের ইজারা আয়ের নির্ধারিত অর্থ ব্যবহার করতে বলা হয়েছে। বিধি অনুযায়ী, ইজারা আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারগুলোর রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত। এই অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও প্রয়োজন অনুযায়ী তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাট-বাজার কর্তৃপক্ষকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ চুক্তি করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের এ উদ্যোগের মাধ্যমে হাট-বাজারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।
✍️ মন্তব্য লিখুন