নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গা থেকে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে তারা মানুষ, তাদের মানবাধিকার রয়েছে।” মানবাধিকারের বিষয়টি বিবেচনা করেই বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জীবন, নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিটি মানুষের জন্মগত অধিকার। নিজ দেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তখন মানবিক মূল্যবোধের জায়গা থেকেই তাদের পাশে দাঁড়ানো হয়েছে।
রোহিঙ্গা সংকটকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানবাধিকার ও কূটনৈতিক বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ, কূটনীতিক ও গবেষকেরা রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতামত দেন।
✍️ মন্তব্য লিখুন