নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে গরু চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া পাঁচটি গরু প্রায় এক মাস ধরে থানার হেফাজতে রয়েছে। চুক্তিভিত্তিক একজন ব্যক্তির মাধ্যমে থানা প্রাঙ্গণেই চলছে গরুগুলোর খাবার ও পরিচর্যা। এরই মধ্যে উদ্ধার হওয়া একটি গর্ভবতী গরু একটি এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
পুলিশ জানায়, গত জুলাইয়ে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় কয়েকটি বিশেষ দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গরু চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, গত ১৪ জুলাই সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাণীনগর থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। পরে র্যাবের সহযোগিতায় নাটোরের নলডাঙ্গা থানা এলাকা থেকে নওগাঁর আসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় অসিত নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তাঁকে আটক করার পর তাঁর গোয়ালঘর থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর একটি ছিল গর্ভবতী।
পরে গরুগুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় আদালতের নির্দেশে সেগুলো রাণীনগর থানার হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়। গরুগুলোর দেখভালের জন্য চুক্তিভিত্তিক একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত খাবার দেওয়ার পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
রাণীনগর থানার ওসি বলেন, বর্তমানে পাঁচটি গরুই সুস্থ রয়েছে। এরই মধ্যে একটি গরু বাছুরের জন্ম দিয়েছে।
পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা না গেলে আদালতের কাছে প্রকাশ্য নিলামে গরুগুলো বিক্রির অনুমতি চাওয়া হবে। আদালতের অনুমতি নিয়ে নিলাম হলে গরুগুলোর লালন-পালনে এ পর্যন্ত যে ব্যয় হয়েছে, সেই অর্থ নিলামের টাকা থেকে নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। চোরাই গরু উদ্ধারের পর সেগুলোর প্রকৃত মালিক শনাক্ত না হওয়া পর্যন্ত থানার হেফাজতে রাখা এবং সেখানে একটি গরুর বাছুর জন্ম দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন