কক্সবাজার সংবাদদাতা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। সোমবার (৬ জুলাই) সকালে লেমশীখালী ও কৈয়ারবিল ইউনিয়নের সংযোগস্থলে কেয়াকাটা খালের ওপর নির্মিত সেতুটির একটি বড় অংশ ভেঙে পড়লে দুই ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। টানা বর্ষণ এবং খালের প্রবল স্রোতের কারণে সেতুর একাংশ ধসে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষসহ কয়েক হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প সড়ক না থাকায় অনেককে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।
লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোছাইন বলেন, সেতুটি সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ভারী বর্ষণের প্রথম বড় ধাক্কাতেই এটি ধসে পড়ে।
উপজেলা প্রকৌশলী জানান, প্রায় ৪৩ মিটার দীর্ঘ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। নতুন সেতু নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ সড়ক ও সেতু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন