নিজস্ব প্রতিবেদক
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রয়োজনীয় তথ্য, উদ্দেশ্য ও বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। অপ্রয়োজনীয় ছবি বা অলংকরণ পরিহার করে তথ্যনির্ভর ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
পরিপত্রে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি প্রচারসামগ্রীকে ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট বার্তাকেন্দ্রিক করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রশাসনিক ব্যয় ও নকশাগত মান উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।
✍️ মন্তব্য লিখুন