নিজস্ব প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীরে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে দস্যুদের সঙ্গে গোলাগুলি শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি সাকাত সরদার (৪৫)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা ছিলেন। তবে তিনি দস্যু দলের সদস্য ছিলেন কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে। পরিবারের দাবি, বনদস্যুরা মুক্তিপণের জন্য তাকে জিম্মি করে রেখেছিল।
শুক্রবার সকালে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় সুন্দরবন এলাকায় ‘ইলিয়াস বাহিনী’র ত্রাস ছিল। ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন একটি সশস্ত্র দল গঠন করেন। স্থানীয়রা সেই দলকে ‘দুলাভাই বাহিনী’ নামে অভিহিত করতে শুরু করেন।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হলেও বিস্তারিত তথ্য কোস্ট গার্ড জানাতে পারবে। অন্যদিকে, কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
✍️ মন্তব্য লিখুন