চুয়াডাঙ্গা, ২৪ জুন: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে লাল টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটির গায়ে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। জনবহুল একটি স্থানের প্রবেশপথে এমন বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে কেউ বস্তুটির কাছে যাননি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হবে। একই সঙ্গে কে বা কারা বস্তুটি সেখানে রেখেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও পুলিশ এখনো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা নাশকতার অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃতি নির্ধারণ এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
✍️ মন্তব্য লিখুন