কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করা এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন তার চীনা স্বামী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই দাবি করেছেন, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে তার কাছে থাকা মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে গেছেন। অভিযোগ জানাতে তিনি সোমবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় যান। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি মূলত ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণে তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে নিজ গ্রামে এলে তাকে দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং এলাকায় মানুষের ভিড়ও জমে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম বলেন, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে। তবে ঘটনাস্থল সাভারে হওয়ায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভাষাগত জটিলতার কারণে অভিযোগকারীর বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ তিনি তুলে ধরেছেন।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং নিখোঁজ নারীর অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে।
✍️ মন্তব্য লিখুন