জামালপুর প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জে ঘটে গেছে এক ব্যতিক্রমী ঘটনা। আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা রহস্যজনকভাবে চুরি হয়ে যাওয়ার পর স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পতাকাটির সন্ধানদাতার জন্য নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করেছেন সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকার ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা নিজেদের অর্থ সংগ্রহ করে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। বিশ্বকাপ উপলক্ষে পতাকাটি এলাকার নদীপাড়ে একটি উঁচু খুঁটির সঙ্গে টাঙিয়ে রাখা হয়েছিল।
সমর্থকদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান না পেয়ে শুক্রবার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেন ক্লাবের সদস্য টুটুল শিকদার।
টুটুল শিকদার বলেন, পতাকাটি তৈরির পেছনে এলাকার তরুণদের অনেক শ্রম ও ভালোবাসা জড়িয়ে ছিল। কেউ কেউ নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এ উদ্যোগে অর্থ দিয়েছেন। তাই পতাকা চুরির ঘটনায় তারা মর্মাহত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান।
এদিকে পতাকা উদ্ধারে জনসচেতনতা বাড়াতে সমর্থকেরা একটি পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, কেউ পতাকার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে বা উদ্ধার করতে সহায়তা করলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানিয়েছেন, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বকাপ উন্মাদনার আবহে পতাকা চুরির এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, ক্রীড়াপ্রেমীদের আবেগের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত পতাকাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন।
✍️ মন্তব্য লিখুন