চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা, বিজয় দিবস ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ঘিরে কিছু রাজনৈতিক শক্তি বিতর্কিত ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
বুধবার (৩ জুন) দুপুরে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—উভয় ক্ষেত্রেই বিভিন্ন রাজনৈতিক দল একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল মুক্তিযোদ্ধাদের যে তালিকা প্রণয়ন করেছে, তা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে বিতর্কিত অবস্থান নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রয়োজনে রাজপথে নামতে হলে ২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব।” তাঁর এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। এছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।
বক্তৃতায় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন এবং স্বাধীনতাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
✍️ মন্তব্য লিখুন