নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫১ এএম
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম শুরুর আরও এক ধাপ এগিয়ে গেল।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হওয়া জ্বালানি লোডিং কার্যক্রমে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি ফ্রেশ ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ধাপ হিসেবে বিবেচিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড এবং পরিচালনাগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করেই প্রাথমিক কোর লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন, ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্তকরণ এবং বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ে ধারাবাহিক পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষা শেষে রিঅ্যাক্টরকে ধাপে ধাপে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক উৎপাদন শুরুর পর প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ ১২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে প্রায় ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে।
এদিকে, চলতি বছরের শেষের দিকে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত প্রকল্পটিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে।
দুই ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করতে সক্ষম হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে ‘পারমাণবিক ক্লাব’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে।
✍️ মন্তব্য লিখুন