দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর অধীনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর দুই শিক্ষক। গবেষণার মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) ইউজিসির মৌলিক গবেষণা সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত গবেষকদের প্রত্যেককে প্রায় তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকদের উদ্ভাবনী ও মৌলিক গবেষণাকর্মে সহায়তা দিচ্ছে ইউজিসি।
অনুদানপ্রাপ্ত শিক্ষকেরা হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান চৌধুরী।
ড. মুহাম্মদ রহিম উদ্দিন জানান, তাঁর গবেষণার মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি (স্কিল গ্যাপ) চিহ্নিত করা এবং সেই ঘাটতি পূরণে স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়নমূলক কোর্স বা মাইক্রো-ক্রিডেনশিয়াল চালুর সম্ভাবনা যাচাই করা। তিনি বলেন, এ উদ্যোগ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে এবং একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আর্থিক বিষয় ও কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে ভবিষ্যতেও এ ধরনের গবেষণা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ড. মো. মতিউর রহমান চৌধুরী বলেন, গবেষণা অনুদান গবেষকদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়। তাঁর গবেষণাটি কাপ্তাই লেকের মৎস্যসম্পদ উন্নয়ন, টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এ গবেষণা শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলেও উল্লেখ করেন।
শিক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদার হলে দেশের আঞ্চলিক সমস্যা সমাধান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির পথ আরও সুগম হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চল ও প্রাকৃতিক সম্পদনির্ভর গবেষণাগুলো জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
✍️ মন্তব্য লিখুন