কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার (১০ মে) তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিশুদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। শিক্ষকেরা এ সময় শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি এবং প্রশিক্ষণসংক্রান্ত নানা চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।”
তিনি আরও বলেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বর্তমানে লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে গ্রেড-১২ পর্যন্ত পাঠদান করা হচ্ছে। সেখানে মিয়ানমার ভাষা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান—এই ছয়টি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।
পরিদর্শনকালে ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা সরকার, এডুকেশন ম্যানেজার লুইজ লিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কক্সবাজার সদরের লিডারশিপ ট্রেনিং সেন্টারে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা ও অ্যাডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
✍️ মন্তব্য লিখুন