রাবি, প্রতিনিধি 
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ মাস্টার্সের শেষ সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। তার এই ফলাফল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। মাস্টার্সের তিন সেমিস্টারের ফলাফলে ধারাবাহিকভাবে ভালো ফল করেছেন তিনি। প্রথম সেমিস্টারে জিপিএ ছিল ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় তথা শেষ সেমিস্টারে পূর্ণ জিপিএ ৪.০০ অর্জন করেন। এর আগে অনার্সে তার সিজিপিএ ছিল ৩.৭৬।
ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। তিনি জানান, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর রহমতই তাকে এ সফলতা অর্জনে সহায়তা করেছে।
জাহিদ বলেন, “মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাকাডেমিক জীবনের সমাপ্তি হলো। সবার কাছে দোয়া চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার। পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যেতে চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ বলছেন, সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও ধারাবাহিক একাডেমিক সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হতে পারে। একই সঙ্গে ছাত্ররাজনীতি ও শিক্ষাজীবন সমন্বয়ের একটি উদাহরণ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন