ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সংসদ সচিবালয় জানিয়েছে, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এর আগে, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পরই শপথের প্রস্তুতি শুরু হয়।
একটি আসন নিয়ে জটিলতার কারণে প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়। তবে শনিবার সেই আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। আদালতের নির্দেশনার পর তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এর মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সবগুলো পদই পূর্ণতা পায়।
এবার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বণ্টন করা হয়েছে। সে অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে ১টি আসন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শপথগ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত এমপিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে অংশ নেবেন।
✍️ মন্তব্য লিখুন