ঢাকা, ২০ এপ্রিল ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। এর মধ্যেই ভবিষ্যৎ পরীক্ষা সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামীতে এসএসসি পরীক্ষা বছরের শেষ দিকে—ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে যদি ডিসেম্বরে সিলেবাস শেষ হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে পরের বছরে নেওয়ার কোনো যুক্তি নেই। এতে শিক্ষার্থীদের জীবন থেকে অপ্রয়োজনীয়ভাবে একটি বছর নষ্ট হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে জানুয়ারি থেকেই শুরু হয়েছে, যদিও কিছুটা সময়সূচির ব্যত্যয় ঘটেছে। সে কারণে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পাঠ্যক্রম শেষ করা যায়।
পরবর্তী এসএসসি পরীক্ষা ঠিক কবে থেকে ডিসেম্বরে নেওয়া শুরু হবে—এ বিষয়ে সরাসরি কোনো নির্দিষ্ট বছর উল্লেখ করেননি শিক্ষামন্ত্রী। তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, সরকার ধাপে ধাপে পরীক্ষা পদ্ধতিকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষাবর্ষকে জানুয়ারি-ডিসেম্বর চক্রে পুরোপুরি ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের সময় অপচয় কমে এবং উচ্চশিক্ষায় প্রবেশের পথ আরও স্বাভাবিক হয়।
✍️ মন্তব্য লিখুন