নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল ২০২৬
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদভাবে সম্পন্ন করতে ৩১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় পরীক্ষা কেন্দ্র পরিচালনায় কঠোরতা আরোপের কথা বলা হয়েছে।
সবচেয়ে আলোচিত নির্দেশনার মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেট তল্লাশি। কোনো ধরনের নকল সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা জব্দ বা নষ্ট করতে হবে। একইসঙ্গে পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কারও কেন্দ্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশ্নপত্র নিরাপত্তায় কঠোর বিধান
নির্দেশনায় বলা হয়েছে—
পরীক্ষা শুরুর ৩ দিন আগে ট্রেজারিতে রাখা প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে
প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র সেটভিত্তিক সিকিউরিটি খামে সিলগালা করে রাখতে হবে
পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে আনা বাধ্যতামূলক
মোবাইল এসএমএসে পাওয়া সেট কোড মিলিয়ে প্রশ্নপত্র খুলতে হবে
ভুল সেটে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মোবাইল ও ডিভাইস নিষিদ্ধ
কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না
সচিবের ক্ষেত্রেও ক্যামেরাবিহীন মোবাইল ব্যবহারের অনুমতি থাকবে
পরীক্ষার কক্ষ ব্যবস্থাপনা
প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক, তবে প্রতি কক্ষে কমপক্ষে ২ জন থাকতে হবে
বেঞ্চের মাপ অনুযায়ী আসন নির্ধারণ—৫/৬ ফুট বেঞ্চে ২ জন, ৪ ফুটে ১ জন
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর দেরিতে আসা শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় প্রবেশের সুযোগ
পরীক্ষার্থী ও প্রশাসনিক নির্দেশনা
হাজিরা শিটে স্বাক্ষর বাধ্যতামূলক, অনুপস্থিতদের লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে
প্রবেশপত্রে ত্রুটি থাকলে ৫ কর্মদিবসের মধ্যে সংশোধন
ইংরেজি ভার্সন পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র ও উত্তরপত্র প্যাকেট
কেন্দ্র ও পরিবেশ ব্যবস্থাপনা
পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে জটলা নিষিদ্ধ, প্রয়োজনে মাইকিং ও সিসি ক্যামেরা ব্যবহার
কেন্দ্রের প্রবেশপথে নকলবিরোধী পোস্টার প্রদর্শন
পরীক্ষা চলাকালীন স্কুলের নিয়মিত ক্লাস বন্ধ রাখতে হবে
উত্তরপত্র ব্যবস্থাপনা
প্রতিটি বিষয়ের উত্তরপত্র আলাদাভাবে প্যাকেট করতে হবে
পুরাতন ও নতুন সিলেবাসের উত্তরপত্র কখনো একসঙ্গে রাখা যাবে না
সব উত্তরপত্র সিলগালা করে বোর্ডে জমা দিতে হবে
সিলেবাস সংক্রান্ত নির্দেশনা
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাসে পরীক্ষা দেবে
নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে
✍️ মন্তব্য লিখুন