রাজধানীতে ঈদুল ফিতরের জামাত শেষে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহনখাতের বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভাড়া কেলেঙ্কারির ঘটনায় “জাতি হিসেবে আমরা লজ্জিত”।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঈদ মানুষের আনন্দের সময়। এই সময় শহর-নগরে বসবাসকারী মানুষ নাড়ির টানে বাড়ির পথে রওনা হন। কিন্তু ঈদযাত্রায় অতীতের নানা সমস্যার পাশাপাশি এবার ভাড়া নিয়ে অনিয়ম ও কেলেঙ্কারি আরও বেশি মাত্রায় দেখা গেছে। তাঁর ভাষ্য, পরিবর্তিত বাংলাদেশে এমন পরিস্থিতি কাম্য ছিল না। সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর পরস্পরবিরোধী বক্তব্যে সাধারণ মানুষের বিভ্রান্তি আরও বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ঈদে গ্রামের বাড়িতে ফেরা মানুষের বড় অংশই স্বল্প আয়ের। সারা বছর ধরে অল্প অল্প করে সঞ্চয় করা অর্থ যদি যাতায়াত ব্যয়েই শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। তিনি এই পরিস্থিতিকে অমানবিক উল্লেখ করে এর নিন্দা জানান।
জামায়াত আমিরের অভিযোগ, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করার দায়িত্ব সরকারের হলেও সংশ্লিষ্টরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। বরং ব্যবস্থাপনার দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতার কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদেরও স্মরণ করেন। তিনি বলেন, জুলাইয়ের পরিবর্তনের পর এটি দেশের দ্বিতীয় ঈদুল ফিতর। যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া গেছে, তাদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।
সাম্প্রতিক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট সংকট ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে জনমনে অসন্তোষের মধ্যেই ডা. শফিকুর রহমানের এ বক্তব্য এলো। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
✍️ মন্তব্য লিখুন