অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে অফিস করেন।
কার্যালয়ে পৌঁছালে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে এসে অফিস করেন প্রধানমন্ত্রী। এদিনের মূল কর্মসূচি ছিল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়। সভায় তিনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম তদারক করছেন। দায়িত্ব নেওয়ার পর একাধিক শনিবার সরকারি ছুটির দিনেও তিনি অফিস করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন