স্বচ্ছতা বাড়াতে অনলাইন ফি পরিশোধ বাধ্যতামূলক, অতিরিক্ত অর্থ দাবি করলে অভিযোগের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশব্যাপী ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, সরকার নির্ধারিত সব ধরনের ভূমিসেবা ফি উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডে টানিয়ে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি কেবল অনলাইনে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই নগদ লেনদেন গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে দালালচক্রের দৌরাত্ম্য কমানো, অনিয়ম রোধ এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা আইনসম্মত নয়। কোনো কর্মকর্তা বা কর্মচারী অতিরিক্ত অর্থ চাইলে সঙ্গে সঙ্গে ১৬১২২ নম্বরে অভিযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত সেবা ফি
মন্ত্রণালয় বিভিন্ন ভূমিসেবার নির্ধারিত ফি বিস্তারিতভাবে প্রকাশ করেছে।
নামজারি (মিউটেশন): মোট ১,১৭০ টাকা
কোর্ট ফি: ২০ টাকা
নোটিশ জারি ফি: ৫০ টাকা
রেকর্ড সংশোধন/হালনাগাদ ফি: ১,০০০ টাকা
প্রতি কপি খতিয়ান সরবরাহ: ১০০ টাকা
খতিয়ানের সার্টিফায়েড বা অনলাইন কপি: ১২০ টাকা
ডাকযোগে পেতে অতিরিক্ত ডাকমাশুল: ৪০ টাকা
মৌজা মানচিত্রের প্রতি শিট: ৫৪৫ টাকা
ডাকযোগে পেতে অতিরিক্ত: ১১০ টাকা
মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত তালিকার বাইরে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, দৃশ্যমান সাইনবোর্ডে ফি তালিকা প্রদর্শন এবং অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করার ফলে ভূমি অফিসে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত হবে।
✍️ মন্তব্য লিখুন