অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এই বৈঠকে মূলত কৃষি খাতের অর্থায়ন জোরদার ও কৃষকদের ঋণপ্রাপ্তি সহজীকরণ বিষয়টি প্রাধান্য পায়।
সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সরকারি সূত্র জানায়, এদিনের বৈঠকের একমাত্র এজেন্ডা ছিল কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাবনা।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকের ঋণপ্রাপ্তি সহজ করা এবং চলতি মৌসুমে কৃষি কার্যক্রমে আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন প্রস্তাবের আওতায় কৃষিঋণ বিতরণ প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকরা সময়মতো স্বল্পসুদে ঋণ পেতে পারেন এবং কৃষি উৎপাদনে স্থিতিশীলতা বজায় থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষিঋণ সংক্রান্ত এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ঋণ সুবিধা সম্প্রসারণ কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন