সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেছেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেন, ‘নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান অভিযানে সেনাবাহিনী এখন পর্যন্ত ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে।’
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে।’
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, দিন-তারিখ ঘোষণার পর বর্তমান পরিস্থিতি আগের নির্বাচনের তুলনায় অনেক ভালো এবং আসন্ন নির্বাচন হবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর।’
বৈঠকে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। শিগগিরই এ–সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে। পোশাকও বানানো হচ্ছে।’

✍️ মন্তব্য লিখুন