লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক এতিমের পৈত্রিক জমি দখলে নেওয়ার অভিযোগ ওঠে তার চাচার বিরুদ্ধে। দীর্ঘ ২৬ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ের মাধ্যমে সেই জমি ফিরে পেয়েছেন মিজানুর রহমান নামে ওই এতিম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় গ্রামবাসী জমি পরিমাপ করে মিজানুর রহমানকে তাঁর পৈত্রিক সম্পত্তির দখল বুঝিয়ে দেন। ঘটনাটি কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের।
মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুরের বয়স যখন মাত্র তিন বছর, তখন তাঁর বাবা শাহজাহান আলী মারা যান। এরপর মা নয়নী বেগমকে নিয়ে তিনি পৈত্রিক ভিটায় বসবাস করতেন। বাবার রেখে যাওয়া জমি চাষাবাদ করেই চলত তাঁদের সংসার।
এ সময় মিজানুরের চাচা শহিদুল ইসলাম তাঁর মা নয়নী বেগমকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে মিজানুরের অভিভাবক হিসেবে নয়নী বেগম তাঁর পৈত্রিক ৫৬ শতাংশ জমি শহিদুল ইসলামের নামে রেজিস্ট্রি করে দেন। তবে এতিমের জমি বিক্রির ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন থাকলেও তা নেওয়া হয়নি বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
জমি নিজের দখলে নেওয়ার পরও শহিদুল ইসলাম মিজানুরের দায়িত্ব নেননি এবং নয়নী বেগমকেও বিয়ে করেননি বলে অভিযোগ রয়েছে। পরে নয়নী বেগম অন্যত্র বিয়ে করলে মিজানুরের আশ্রয় হয় তাঁর দাদির কাছে। দাদি তাঁকে লালন-পালনের পাশাপাশি পড়াশোনা করান।
পরবর্তী সময়ে মিজানুর বড় হয়ে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘদিন মামলা চলার পর গত ১০ আগস্ট আদালত তাঁর পক্ষে রায় দেন। রায়ের পর শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় জমি পরিমাপ করে তাঁকে দখল বুঝিয়ে দেওয়া হয়।
মিজানুর রহমান বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ২৬ বছর পর তিনি তাঁর বাবার রেখে যাওয়া জমি ফিরে পেয়েছেন। আদালতের রায়ে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলেও জানান তিনি। এখন ওই জমি চাষাবাদ করে তাঁর সংসার চালানোর আশা করছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় গ্রামবাসীর আহ্বানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। দুই পক্ষকে নিয়ে গ্রামবাসী আদালতের রায় বাস্তবায়ন করে জমির দখল বুঝিয়ে দেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দীর্ঘদিনের বিরোধের পর আদালতের রায়ের মাধ্যমে জমির দখল ফিরে পাওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন