নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি পদে নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে দল—এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসারেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন।
এ সময় তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সংবিধান অনুযায়ী পরিচালিত হওয়াই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার অন্যতম শর্ত। রাষ্ট্রপতি নির্বাচনও সেই সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে যথাসময়ে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
✍️ মন্তব্য লিখুন