গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে একটি অনুমোদনহীন প্রাণী খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যান’ বলে অবজ্ঞাসূচক মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা-চৌরাস্তা এলাকার মাস্টার ভিলা নামের একটি বহুতল ভবনের নিচতলায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। অভিযানে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তারাও অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অনলাইনে ভুয়া বিএসটিআই নম্বর ও লোগো ব্যবহার করে প্যাকেটজাত প্রাণী খাদ্য বিক্রি করে আসছিল। পাশাপাশি উন্নত দেশ থেকে আমদানিকৃত বলে প্রচার চালিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে মাছ ও পশুখাদ্য খামারিদের কাছে পণ্য বিক্রি করছিল, যা কর্তৃপক্ষের মতে প্রতারণামূলক কার্যক্রমের শামিল।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিককে মুঠোফোনে ঘটনাস্থলে উপস্থিত হতে বলা হলে তিনি নাকি মৎস্য কর্মকর্তার মাধ্যমে বার্তা দেন, “ম্যাজিস্ট্রেটকে নিয়ে ঠান্ডা খেয়ে চলে যান।” পরে অভিযানে একাধিক অনিয়মের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই নকল প্রাণী খাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল এবং বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার করছিল। মৎস্য ও পশুখাদ্য আইন, বিএসটিআই আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
✍️ মন্তব্য লিখুন