সিরাজগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসেবনের অভিযোগে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মান্থলি পে-অর্ডার) সুবিধাও স্থগিত করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা ও অশোভন আচরণ করতে দেখা যায়, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিষয়টি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।
মাউশির আদেশে উল্লেখ করা হয়, একজন প্রধান শিক্ষকের এমন অনৈতিক ও আইনবহির্ভূত আচরণ শিক্ষক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্তাবলি, ১৯৭৯ অনুযায়ী গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের শামিল।
এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তার সরকারি বেতন-ভাতার অংশও স্থগিত করা হয়েছে। তদন্ত ও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
✍️ মন্তব্য লিখুন