আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। ইরানের দক্ষিণাঞ্চল ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সন্দেহভাজন যুদ্ধতরী লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, “আত্মরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে মাইন পেতে থাকা সন্দেহভাজন নৌযানে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অবস্থান থেকে মার্কিন বাহিনী ও যুদ্ধজাহাজের জন্য হুমকি তৈরি হচ্ছিল।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কয়েকজন সদস্য নিহত হয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
এদিকে হামলার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ “বিনা জবাবে” ছেড়ে দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা শান্ত হওয়ার আভাস মিললেও নতুন এই হামলা সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বর্তমানে কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে একই সময়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
✍️ মন্তব্য লিখুন