নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রোববার, ২৯ মার্চ ২০২৬
দীর্ঘদিনের অভিযোগ, অসন্তোষ ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কাটা নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছি। জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে বিদ্যুৎ রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। এই প্রক্রিয়াটি নিয়ে বছরের পর বছর ধরে গ্রাহকদের অভিযোগ ছিল।
অনেকেই প্রশ্ন তুলেছেন, মিটারের মূল্য বহু আগেই আদায় হয়ে যাওয়ার পরও কেন এই অতিরিক্ত চার্জ চালু রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার সেই দায় থেকে গ্রাহকদের মুক্তি দিতে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের কোটি প্রিপেইড মিটার ব্যবহারকারী সরাসরি আর্থিক সুবিধা পাবেন। একই সঙ্গে এটি বিদ্যুৎ খাতে সংস্কার ও গ্রাহকবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এবং মাঠপর্যায়ে তা কার্যকর করা শুরু হবে।
✍️ মন্তব্য লিখুন