পিরোজপুর প্রতিনিধি
মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে ১০০ কোটি টাকা দিলেও তা গ্রহণ করবেন না বলে মন্তব্য করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
ওসি শরিফুল ইসলাম বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না।’ মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সমাজের উন্নতির দায়িত্ব সমাজের মানুষেরই। বাইরে থেকে কেউ এসে সমাজকে ভালো করে দিয়ে যাবে—এমনটা ভাবার সুযোগ নেই। সন্তানদের ভবিষ্যৎ গড়তে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ওসি বলেন, সমাজে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম। অথচ তাদের ভয়ে সাধারণ মানুষ নীরব থাকে। তাই ভয় না পেয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন ওসি মো. শরিফুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল কাইয়ুম মিঠু। সভায় স্থানীয় বিএনপির নেতারাও বক্তব্য দেন।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪, ১৪ আগস্ট ২০২৬।
✍️ মন্তব্য লিখুন