নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা করেছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি বাড়ানো
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য নাশকতা বা অপতৎপরতা ঠেকাতে বিভিন্ন এলাকায় আগাম তথ্য সংগ্রহের ব্যবস্থাও করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ আগস্টের বিভিন্ন কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
সাইবার নজরদারিও জোরদার
১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে র্যাবের সাইবার পেট্রলিংও জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে তারা নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।
✍️ মন্তব্য লিখুন