মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার আগে সমাবেশস্থলের কাছ থেকে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা একটি ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ খুলে এর ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার পর সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এর আগে একই দিন সকালে গাংনী এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। একই দিনে পরপর দুটি রহস্যজনক ঘটনার পর ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার করা বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা করার পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
✍️ মন্তব্য লিখুন