চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সাইকেল, ক্রীড়াসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ব্যানারে এক সংসদ সদস্যের (এমপি) নাম না থাকাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের বাকবিতণ্ডা হয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের একটি অংশ অভিযোগ করেন, মঞ্চে টানানো ব্যানারে একজন এমপির নাম উল্লেখ করা হলেও অন্য এমপির নাম রাখা হয়নি। এ নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি ইউএনওর নজরে আনেন। পরে ব্যানার প্রস্তুত ও প্রটোকল নিয়ে ইউএনও এবং কয়েকজন অতিথির মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অনুষ্ঠান নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুরু হয়।
পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের জন্য ফুটবল ও জার্সি এবং অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সরকারের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
✍️ মন্তব্য লিখুন