আন্তর্জাতিক ডেস্ক
সুপারহিরোদের দেখা সাধারণত মেলে সিনেমার পর্দায়। তবে এবার যুক্তরাষ্ট্রের একটি ব্যস্ত সড়কে বাস্তবেই ‘স্পাইডার-ম্যান’ সেজে এক তরুণের মানবিক উদ্যোগ মুগ্ধ করেছে হাজারো মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি নিজের নিরাপত্তার কথা না ভেবে হুইলচেয়ারে থাকা এক ব্যক্তিকে নিরাপদে সড়ক পার করে দিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জোনসবরো শহরে। ছয় লেনের একটি ব্যস্ত সড়ক পার হতে গিয়ে মাঝপথে আটকে পড়েন হুইলচেয়ার ব্যবহারকারী এক ব্যক্তি। ঠিক তখনই ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ একটি লাল জিপ থেকে স্পাইডার-ম্যানের পোশাক পরা এক তরুণ দ্রুত নেমে এসে তাঁর হুইলচেয়ার ঠেলে নিরাপদে রাস্তার অপর প্রান্তে পৌঁছে দেন। সিগন্যাল পরিবর্তনের কয়েক সেকেন্ড আগেই দুজন নিরাপদে সড়ক পার হন।
পরে জানা যায়, ওই তরুণের নাম ক্রিস্টোফার হেলেনথাল। তিনি একটি ট্রাম্পোলিন পার্কে আয়োজিত সুপারহিরো-থিমের অনুষ্ঠানে অংশ নিয়ে স্পাইডার-ম্যানের পোশাকেই ফিরছিলেন। পথে বিপদে পড়া ব্যক্তিকে দেখে মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে সাহায্যে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি হুইলচেয়ারে থাকা ব্যক্তিকে উদ্দেশ করে বলেন, “আমি আছি।” এরপর দ্রুত তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
সড়কের নিরাপত্তা ক্যামেরায় ধারণ হওয়া ঘটনাটির ভিডিও পরে জোনসবরো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। মানবিক এই উদ্যোগের জন্য তারা ক্রিস্টোফারকে ধন্যবাদ জানায় এবং নাগরিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে তাঁর প্রশংসা করে। ভিডিওটি প্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ তাঁকে ‘বাস্তবের স্পাইডার-ম্যান’ বলে অভিহিত করছেন।
ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে, নায়ক হতে বিশেষ কোনো অতিমানবীয় শক্তির প্রয়োজন হয় না। কখনো কখনো সময়মতো বাড়িয়ে দেওয়া একটি সহায়তার হাতই একজন সাধারণ মানুষকে অন্যের চোখে সত্যিকারের সুপারহিরোতে পরিণত করে।
✍️ মন্তব্য লিখুন