গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় কিশোর রায়হান প্রধানকে (১৬) দীঘির পানিতে চুবিয়ে হত্যার আলোচিত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। ঘটনার ২৬ দিন পর ঢাকার পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার র্যাব-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার হরিণসিংহা গ্রামের সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়া (১৬)। তারা নিহত রায়হানের ঘনিষ্ঠ বন্ধু এবং ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গত ১৬ জুন বিকেলে রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হরিণসিংহা দীঘিতে গোসল করতে যায় সাকিব ও রিফাদ। গোসলের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রায়হানকে মারধর করে পানির নিচে চুবিয়ে রাখা হয়। তিনি অচেতন হয়ে পড়লে তাকে দীঘির পাড়ে ফেলে রেখে দুই বন্ধু পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৯ জুন নিহতের বাবা গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই রাতে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন সেন্টার পয়েন্ট শপিংমলের সামনে থেকে রিফাদকেও আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
✍️ মন্তব্য লিখুন