মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ৭০ বছর বয়সী বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে হাজির হন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
নিহত ব্যক্তির নাম হাবেল শেখ (৭০)। তাঁর ছেলে শাহাবুল শেখের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার সকালে জমিতে কাজ করতে গিয়ে শাহাবুল জানতে পারেন, তাঁর বাবা জমির একটি অংশ অন্য একজনকে বর্গা দিয়েছেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বাড়িতে ফিরে ঘুমন্ত বাবার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এতে ঘটনাস্থলেই হাবেলের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনার পর শাহাবুল নিজেই থানায় এসে হাজির হন। জমিজমা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
✍️ মন্তব্য লিখুন