শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। পরে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর অতর্কিত হামলা চালান। এতে শাকিল আহমেদ আহত হন।
হামলার সময় কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে নিবৃত্ত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে তাকে আটকে রেখে গোসাইরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আহত কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষককে বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে জবাবদিহির প্রক্রিয়া চলছিল। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে অসংলগ্ন বক্তব্য দিতে দেখা যায়। তবে ওই ভিডিওর বক্তব্যের সত্যতা বা মানসিক অবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি শিক্ষা অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
✍️ মন্তব্য লিখুন