চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে পুলিশের একটি আগ্নেয়াস্ত্র নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। সেটি উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ষাটনল এলাকার সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায়।
চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে গেলে পুলিশের একটি আগ্নেয়াস্ত্র নদীতে পড়ে যায়।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
এদিকে, মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় ২৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। তাঁদের মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হন। অন্য চারজনকে গ্রেপ্তার করা হয় অন্যান্য ফাঁড়ির অভিযানে।
অভিযানকালে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন